

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন মৌলভীবাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে সিএনজি চালক অখিল মালাকার রাস্তার পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। তিনি হনুমানটির মুখে পানি দেন এবং বাঁচানোর চেষ্টা করেন। একই সঙ্গে বিষয়টি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন