

মোহাম্মদ আলী : হাওরাঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা জোরদার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে সিলেটে কৃষি যান্ত্রিকীকরণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের সহযোগিতায় এবং কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মঈন উদ্দিন আহমেদ এবং কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্পের আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় হাওরাঞ্চলের কৃষিকে আরও আধুনিক, টেকসই ও জলবায়ু-সহনশীল করে তুলতে কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের মধ্যে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ এবং হাওরাঞ্চলের ভৌগোলিক ও কৃষি পরিবেশের উপযোগী যন্ত্রপাতির ব্যবহার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সময়মতো কৃষিকাজ সম্পন্ন করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়।
কর্মশালায় সিলেট ও মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কেয়ার বাংলাদেশের মনোনীত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাওরাঞ্চলের কৃষির বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের কাছে সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সিলেটের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো: শামসুজ্জামান, মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো:শামসুজ্জামান, মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, জুড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এমন জহুরুল ইসলাম, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা ফাহমিদা আক্তার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রণজিত কুমার দেব।
মন্তব্য করুন